রাশিয়ার জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর অবস্থান নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রিপাবলিকান সিনেটর লিন্ডসি গ্রাহাম জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘স্যানকশনিং রাশিয়া অ্যাক্ট’ নামক একটি বিলে অনুমোদন দিয়েছেন। এই আইন কার্যকর হলে যেসব দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনবে, তাদের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও উচ্চমাত্রার শুল্ক আরোপের ক্ষমতা পাবে হোয়াইট হাউজ।
সিনেটর গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথালের যৌথ উদ্যোগে প্রণীত এই বিলটি মূলত চীন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলোকে লক্ষ্য করে তৈরি। প্রস্তাবিত আইন অনুযায়ী, রাশিয়ার জ্বালানি খাতের সঙ্গে সম্পৃক্ত দেশগুলোর পণ্যের ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বসানো হতে পারে। পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন ও ভারত বর্তমানে রুশ তেলের প্রধান ক্রেতা। পরিসংখ্যান বলছে, গত নভেম্বরে রাশিয়ার অপরিশোধিত তেলের প্রায় অর্ধেক কিনেছে চীন এবং ৩৮ শতাংশ নিয়েছে ভারত। একইসঙ্গে ব্রাজিলের আমদানির পরিমাণও বাড়ছে।
সিনেটর গ্রাহাম ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জানান, এই বিল পাসের মাধ্যমে রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিতে আঘাত হানাই মূল লক্ষ্য। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে।