রাজধানীতে নকল আইফোন কারখানার চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে ডিবি। মিরপুর বিভাগের তথ্য অনুযায়ী, একটি চক্র প্রায় দেড় বছর ধরে কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ দেশে আনত। পরে উত্তরায় স্থাপিত একটি গোপন ল্যাবে এসব পার্টস সংযোজন করে তৈরি করা হতো নকল আইফোন। এরপর সেগুলো আসল পণ্যের নামে বাজারে চড়া দামে বিক্রি করা হতো।
অভিযানে উদ্ধার করা হয়েছে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ, মোবাইল তৈরির সরঞ্জাম এবং বিদেশি মদ। বৃহস্পতিবার ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, চক্রটির সঙ্গে জড়িত কয়েকজন বাংলাদেশির নাম পাওয়া গেছে—তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা হয়নি।
ডিবি সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, কম দামে ‘অরিজিনাল আইফোন’ কেনার প্রলোভনে না পড়তে। অনুমোদিত শোরুম বা নির্ভরযোগ্য উৎস ছাড়া স্মার্টফোন না কেনার পরামর্শ দেওয়া হয়েছে।গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।