রাজধানীর বাজারগুলোতে গত এক সপ্তাহে চাল, ডাল ও চায়ের দাম বেড়েছে। তবে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ কিছুটা স্বস্তি দিচ্ছে ক্রেতাদের। মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল ও শেওড়াপাড়া বাজার ঘুরে দেখা গেছে, ভরা মৌসুমেও মিনিকেট ও নাজিরশাইল চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৮৩ থেকে ৮৬ টাকায়, আর নন-ব্র্যান্ড মিনিকেটের দাম ৭০ টাকা কেজি।
নাজিরশাইল চালের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭২ থেকে ৮৫ টাকায়। বিক্রেতারা বলছেন, নতুন চাল আসার সময় পুরোনো চালের দাম সাধারণত সামান্য বাড়লেও এবার বৃদ্ধিটা অস্বাভাবিক। চালের পাশাপাশি ছোট দানার মসুর ও মুগ ডালের দাম কেজিতে ১৫ টাকা বেড়ে ১৬০ টাকায় উঠেছে। তবে মোটা মসুর ডাল কিছুটা কমে কেজিতে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের কারণে বিভিন্ন কোম্পানি চায়ের দাম কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বাড়িয়েছে। তবে চিনি আগের মতোই ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা, আলু ২০ থেকে ২৫ টাকা কেজিতে। ফুলকপি, বাঁধাকপি ও শিমসহ অধিকাংশ শীতকালীন সবজি ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকলেও টমেটো ও কাঁচা মরিচের দাম এখনো চড়া—কেজিতে ৮০ থেকে ১০০ টাকা। ভরা মৌসুমে চালের এই দাম বৃদ্ধিতে সাধারণ ক্রেতারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।