সিরাজগঞ্জে পৃথক দুটি নাশকতার ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার, ১০ জানুয়ারি রাতে বেলকুচিতে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। একই রাতে জেলা শহরে এক সাংবাদিকের বাড়িতে নিক্ষেপ করা হয়েছে পেট্রোল বোমা।
রাত দুইটার দিকে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইয়াহিয়ার বসতবাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রাজনৈতিক মামলার কারণে ইয়াহিয়া বাড়িতে না থাকলেও তার স্ত্রী ও সন্তানরা দ্রুত বের হয়ে আসায় প্রাণে বেঁচে যান। আগুনে বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বেলকুচি থানার ওসি শেখ ফরিদ উদ্দিন জানান, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাত ৯টার দিকে সিরাজগঞ্জ শহরের দিয়ারধানগড়া এলাকায় এনটিভি ও আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না’র বাড়িতে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়।
ইন্না জানান, পার্শ্ববর্তী দুই মহল্লার দীর্ঘদিনের বিরোধের জেরে মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত এই হামলা চালায়। দ্রুত আগুন নেভানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। সিরাজগঞ্জ সদর থানার ওসি শহিদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। দুটি ঘটনায় রোববার দুপুর পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।