সিরাজগঞ্জজুড়ে ভয়াবহ এলপিজি গ্যাস সংকট। গত এক সপ্তাহ ধরে জেলার অধিকাংশ ডিলার ও খুচরা দোকানে নেই গ্যাস সিলিন্ডার। চাহিদা থাকলেও সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ।
সরেজমিনে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গ্যাস না পেয়ে খালি হাতে ফিরছেন ক্রেতারা। এই সংকটের সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে সিলিন্ডার বিক্রি করছেন বলেও অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী আলতাফ হোসেন জানান, তিন দিন ধরে গ্যাস না পেয়ে বাধ্য হয়ে হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে তাকে। অন্যদিকে, ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, কোম্পানিগুলো চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ না করায় তাদের বিক্রি প্রায় বন্ধ হয়ে গেছে।
সচেতন নাগরিকরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। তাদের দাবি, বাজার তদারকি জোরদার করে অতিরিক্ত দাম আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দ্রুত সরবরাহ স্বাভাবিক করতে হবে।