এশিয়ার রাজপথে জেনারেশন জেডের ঝড়। নেপাল ও ইন্দোনেশিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে কেঁপে উঠেছে রাজধানী—এর আগে উত্তাল ছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা আর ইন্দোনেশিয়ায় সরকারি সুবিধা-ভাতা নিয়ে ক্ষোভ থেকে শুরু হলেও, আন্দোলনের মূল সুর এক—বেকারত্ব, দুর্নীতি ও বৈষম্য।
বিশ্বব্যাংকের তথ্য বলছে, ইন্দোনেশিয়ায় তরুণ বেকারত্ব ১৪ শতাংশ, নেপালে ২০ শতাংশ। মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভেদি হাদিজ মনে করেন, শিক্ষিত তরুণদেরও অনিশ্চিত কর্মসংস্থান ক্ষোভ বাড়াচ্ছে। নেপালে বিক্ষোভ সহিংস হয়ে ৭২ জন নিহত, ইন্দোনেশিয়ায় ১০ জনের প্রাণহানি।
নেপালে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর দায়িত্ব নেন সুশীলা কার্কি—দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো মন্ত্রী বরখাস্ত ও সুবিধা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন—পুরোনো রাজনীতিতে আস্থা হারানো এক প্রজন্ম এখন ভবিষ্যৎ নিজের হাতে নিতে চায়। এশিয়ায় কি তবে শুরু হলো জেন-জির নতুন রাজনৈতিক অধ্যায়?