টলিউডে নেমে এসেছে গভীর শোক। শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে ৬৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী ও নাট্যব্যক্তিত্ব ভদ্রা বসু। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে তার শেষকৃত্য।
কিছুদিন আগে ভদ্রা বসুর গলব্লাডারে স্টোন ধরা পড়ে। উচ্চ রক্তচাপ ও হৃদযন্ত্রের জটিলতার কারণে অস্ত্রোপচার করা যায়নি। ওষুধ চলাকালীন হঠাৎ পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে হাসপাতালে ভর্তি হলে নিউরোসায়েন্স ইনস্টিটিউটে জটিল মস্তিষ্কের অপারেশন করা হয়। চিকিৎসার মাঝপথে কিডনি জটিলতাও দেখা দেয়। সবশেষে শুক্রবার রাতে থেমে যায় তার লড়াই।
প্রয়াত ভদ্রা বসু ছিলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অসিত বসুর স্ত্রী। সুমন মুখোপাধ্যায়ের পুতুলনাচের ইতিকথা ও অনিলাভ চট্টোপাধ্যায়ের বেলা–তে তার অভিনয় দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল। বেলা ছিল তার শেষ সিনেমা। পাশাপাশি জনপ্রিয় নাটক গওহরজান পরিচালনার জন্যও তিনি পরিচিত ছিলেন। তার দুই মেয়ে দামিনী ও আনন্দী নিয়মিত মঞ্চে অভিনয় করছেন।
ভদ্রা বসুর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে টলিউডজুড়ে। তার মেয়ে বেনী বসু আবেগঘন পোস্টে লিখেছেন, “তুমি আমার চিরন্তন রোদ্দুর, মা।” পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায় জানান, বেলা–র হাউসফুল খবর রয়ে গেল, কিন্তু ভদ্রাদির অনুপস্থিতি এখন শূন্যতা হয়ে থাকল।