মেটা তাদের হাইপারস্কেপ প্রযুক্তি ব্যবহার করে এবার যেকোনো বাস্তব কক্ষকে ভার্চ্যুয়ালি রূপান্তর করে সেই ঘরে অনলাইন বন্ধুদের সঙ্গে আড্ডার সুযোগ চালু করতে যাচ্ছে। কোয়েস্ট ৩ ও কোয়েস্ট ৩এস ভিআর হেডসেটের ক্যামেরায় ঘর স্ক্যান করে এতদিন ভার্চ্যুয়াল প্রতিরূপ তৈরি করা গেলেও তা শুধুমাত্র ভিআর ব্যবহারকারীর জন্য দৃশ্যমান ছিল। ফলে বন্ধুর সঙ্গে একই ভার্চ্যুয়াল ঘরে বসে আড্ডা দেওয়ার সুযোগ ছিল না। নতুন সুবিধা চালু হলে ব্যবহারকারীরা নিজেদের ঘরের প্রতিরূপে বসেই ভার্চ্যুয়াল আড্ডা দিতে পারবেন।
মেটার তথ্য অনুযায়ী, হাইপারস্কেপে তৈরি যেকোনো কক্ষের একটি লিংক শেয়ার করে বন্ধুদের আমন্ত্রণ জানানো যাবে। বিশ্বের যেকোনো স্থান থেকে তারা সেই লিংকে ক্লিক করে ভার্চ্যুয়াল ঘরে প্রবেশ করতে পারবেন। কোয়েস্ট ৩ ও ৩এস ছাড়াও মেটা হরাইজন মোবাইল অ্যাপ ব্যবহার করেও ঘরে প্রবেশের সুযোগ থাকবে।
মেটার মুখপাত্র রেচেল হোম জানান, আগামী কয়েক মাসের মধ্যে সুবিধাটি সবার জন্য উন্মুক্ত করা হবে। ভার্চ্যুয়াল কক্ষ তৈরি করতে আগে ঘর স্ক্যান করতে হবে এবং প্রতিটি ঘরে সর্বোচ্চ আটজন একসঙ্গে যুক্ত হতে পারবেন। ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
প্রযুক্তিটি ভবিষ্যতে মেটাভার্সে বাস্তব স্থানগুলোর নিখুঁত ডিজিটাল প্রতিরূপ তৈরি এবং গেমিং অভিজ্ঞতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।