News সাবেক ডিএনসিসি মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

সাবেক ডিএনসিসি মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী আজ

সোশ্যাল শেয়ার

সাবেক মেয়র আনিসুল হক

আজ ৩০ নভেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের এ দিনে তিনি যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২০১৫ সালে মেয়র নির্বাচিত হয়ে রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও আধুনিক নগরী গড়ার বেশ কিছু উদ্যোগ নিয়ে ব্যাপক প্রশংসা অর্জন করেন তিনি। মাত্র দুই বছর দুই মাস ২৪ দিনের দায়িত্বকালে তিনি বিশ্বমানের নগরীর স্বপ্ন দেখিয়েছিলেন ঢাকাবাসীকে।

১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর নোয়াখালীর কবিরহাটে জন্ম নেওয়া আনিসুল হকের শৈশবের বড় অংশ কেটেছে ফেনীর সোনাপুর গ্রামে নানাবাড়িতে। সরকারি চাকরিজীবী বাবার স্বল্প আয়ের সংসারে বেড়ে উঠেও তিনি শিক্ষাজীবনে উৎকর্ষ দেখান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।

একাধারে ব্যবসায়ী, টিভি উপস্থাপক, উদ্যোক্তা ও জনপ্রতিনিধি আনিসুল হক যে ক্ষেত্রেই গিয়েছেন, সেখানেই রেখে গেছেন নিজস্ব দীপ্তি। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘বলা না বলা’, ‘জানতে চাই’ ও বিশেষ করে ‘সবিনয়ে জানতে চাই’–এর মাধ্যমে তিনি উপস্থাপক হিসেবে ব্যাপক পরিচিতি পান। ১৯৯১ সালের নির্বাচনের আগে একই মঞ্চে খালেদা জিয়া ও শেখ হাসিনাকে মুখোমুখি বসানোর বিরল কৃতিত্বও তার।

ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ, এফবিসিসিআই ও সার্ক চেম্বারের সভাপতি হিসেবেও সফল নেতৃত্ব দেন তিনি। মৃত্যুর পরও তার কাজ ও দৃষ্টিভঙ্গি স্মরণীয় হয়ে আছে।

 

সোশ্যাল শেয়ার