কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে রয়েছে ফেসবুক। তবে এবারের বিষয় ফেসবুকের নতুন ফিচার নয়, বরং ভিন্ন লোগো। সম্প্রতি ফেসবুক অ্যাপ চালুর সময় ‘উইন্টার স্নো’ থিমের নতুন লোগো সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা গেছে। নীল-সাদা চিরাচরিত লোগোর বদলে হালকা নীল তুষারাবৃত্ত লোগো ভেসে ওঠায় ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল ও ধোঁয়াশা তৈরি হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মে এই লোগো দেখা গেছে। শীতকালীন আবহকে কেন্দ্র করে অনেকেই ধারণা করছেন এটি বিশেষ কোনো থিম, তবে এটি সাময়িক নকশা নাকি কারিগরি ত্রুটি, তা নিশ্চিত নয়।
ব্যবহারকারীরা লিখেছেন, ‘ফেসবুক এখন স্নো গ্লোবের মতো,’ এবং অ্যান্ড্রয়েডেও একই অভিজ্ঞতা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশে লোগো পরিবর্তন লক্ষ্য করা গেলেও মেটা থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য নেই।
ফেসবুক প্রথমবারের মতো ২০১৫ সালে তাদের লোগো পরিবর্তন করেছিল। তখন ‘এফ’ ছাড়া অন্য অক্ষরের নকশা পরিবর্তন করা হয়েছিল। এবারও নতুন লোগো নিয়ে ব্যবহারকারীদের মধ্যে কৌতূহল ও আলোচনা তুঙ্গে।