News দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

সোশ্যাল শেয়ার

বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)-এর রামপালস্থ মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এমএসটিপিপি) নভেম্বর মাসে ৭০০ মিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে দেশের বিদ্যুৎ খাতে এক উল্লেখযোগ্য জাতীয় মাইলফলক স্পর্শ করেছে। এটি এখন পর্যন্ত বাংলাদেশের যেকোনো বিদ্যুৎকেন্দ্রের সর্বোচ্চ মাসিক উৎপাদন।

সোমবার প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, বিপিডিবি ও এনটিপিসির যৌথ উদ্যোগে গঠিত বিআইএফপিসিএল-এর এমএসটিপিপির এই অসাধারণ অর্জন প্ল্যান্টটির ব্যতিক্রমী সক্ষমতা ও নির্ভরযোগ্যতার স্পষ্ট প্রমাণ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুরো নভেম্বর জুড়ে এমএসটিপিপি দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ১১.৫০ শতাংশ সরবরাহ করে নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগান দিয়েছে। এর ফলে দেশের শীর্ষ বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র হিসেবে প্ল্যান্টটির অবস্থান আরও সুদৃঢ় হয়েছে।

এই সাফল্য প্ল্যান্টটির উন্নত শিল্প সক্ষমতা, দক্ষ কয়লা ব্যবস্থাপনা, সম্পদের কার্যকর ব্যবহার এবং সূক্ষ্ম অর্থনৈতিক ও কর্মপরিকল্পনার প্রতিফলন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এমএসটিপিপি নিয়মিতভাবেই মাসে ৬০০ মিলিয়ন ইউনিটের বেশি, অর্থাৎ দেশের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৮ শতাংশ উৎপাদন করে আসছে। নভেম্বরের রেকর্ড উৎপাদন দেশের বিদ্যুৎ খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।

অটুট কর্মক্ষমতা ও নির্ভরযোগ্যতার মাধ্যমে এমএসটিপিপি সারা দেশের শিল্প, গৃহস্থালি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে শক্তিশালী করার জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করছে এবং বাংলাদেশের জ্বালানি নিরাপত্তাকে আরও শক্ত ভিত্তি প্রদান করছে।

সোশ্যাল শেয়ার