বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা অব্যাহত আছে। সোমবার বিকেলে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, “বিভিন্ন গণমাধ্যমে ম্যাডামকে নিয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, সেগুলো সঠিক নয়। কেউ এ ধরনের তথ্য দ্বারা বিভ্রান্ত হবেন না।” তিনি আরও দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
অন্যদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেন, “এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে আগের মতোই ম্যাডামের চিকিৎসা চলছে। এ বিষয়ে কেউ যেন কোনো গুজব বা কথায় বিভ্রান্ত না হন। বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসাসেবায় নিয়োজিত রয়েছেন। তাদের কাছ থেকে যতটুকু জানা গেছে, তার চিকিৎসা চলছে। সবাই দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে দেন।”
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে যথাসময়ে জানানো হবে।
এদিকে বিএনপি মিডিয়া সেল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যসংক্রান্ত যেকোনো তথ্য গণমাধ্যমে উপস্থাপন করবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। চিকিৎসা সংক্রান্ত তথ্য প্রচারে শৃঙ্খলা বজায় রাখা এবং গুজব বা বিভ্রান্তি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।