রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দ্রুত চার্জশিট দেবে পুলিশ— এমন আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেল খান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিরা ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বল্প সময়ের মধ্যেই সুষ্ঠু তদন্ত শেষ করে অভিযোগপত্র জমা দেওয়া হবে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যেই এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার সম্পন্ন হবে। তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ের ভয়াবহ অপরাধগুলোর ক্ষেত্রে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করছে। আইন সংস্কারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনমতের চাপে তাৎক্ষণিকভাবে নতুন আইন বা আলাদা আদালত গঠন সবসময় সঠিক সিদ্ধান্ত নয়। দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনায় নিয়েই আইন ও বিচারব্যবস্থায় পরিবর্তন আনা প্রয়োজন।