বাংলাদেশ-ভারত কূটনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন। আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার জন্য এই আমন্ত্রণ বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছেছে বলে জানিয়েছে ভারতীয় সূত্র।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও জানিয়েছেন, ব্রিকস সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছে ভারত। কূটনৈতিক মহলের ধারণা, সফরটি বাস্তবায়িত হলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। এতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার হতে পারে। তবে সফরের নির্দিষ্ট তারিখ ও কর্মসূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।