জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের চূড়ান্ত পরীক্ষা প্রযোজনা ‘নীল ময়ূরের যৌবন’ আজ থেকে তিন দিন মঞ্চস্থ হবে। ৪, ৫ ও ৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের দ্বিতীয় তলার ল্যাব-৩-এ নাটকটির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নির্দেশনা দিয়েছেন বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্ক। আজ সন্ধ্যা ৭টায় প্রথম প্রদর্শনী হবে। পরবর্তী দুই দিনে বিকেল ৪:৩০ ও সন্ধ্যা ৭টায়, প্রতিদিন দুইটি করে মোট চারটি প্রদর্শনী হবে। টিকিট সংগ্রহ করা যাবে গুগল ফর্মের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে।
সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত এই নাটকে ইতিহাস অনুসরণ নয় বরং মানবজীবনের ধ্রুপদী অনুভব, প্রকৃতি, প্রেম ও দ্রোহকে দৃশ্য, শব্দ ও সুরে জীবন্ত করে তোলা হয়েছে। নির্দেশকের ভাষায়, নাটকটি সত্য নয়, তবে সত্যের শক্তি উদ্যাপন করেছে; যেখানে বর্ণ-শ্রেণিভেদ, আধিপত্য আর তার বিপরীতে প্রেম-দ্রোহের সুর ধ্বনিত হয়েছে। সংলাপ ও গীতময়তার সমন্বয়ে তৈরি এই প্রযোজনায় অভিজ্ঞতাই হয়েছে মূল।
নেপথ্যে বিভিন্ন বিভাগে কাজ করেছেন—মঞ্চ ও সংগীত নির্দেশনা: ইউসুফ হাসান অর্ক; গান: হেমাঙ্গ বিশ্বাসসহ একাধিক শিল্পী; পাণ্ডুলিপি গবেষণা: এরফানুল ইসলাম ইফতু প্রমুখ; পোশাক, নৃত্য, আলোক, মঞ্চ ব্যবস্থাপনা ও প্রচারে শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণ ছিল।