News আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়ে

সোশ্যাল শেয়ার

সাংবাদিক আনিস আলমগীর এখনো ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে অবস্থান করছেন। গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর এখনো ডিবি কার্যালয়েই রয়েছেন এবং তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

এর আগে রবিবার রাত সাড়ে ৮টার দিকে আনিস আলমগীর নিজেই মুঠোফোনে গণমাধ্যমকে জানান, ধানমণ্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন।

এদিকে, রবিবার রাতে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ রাজধানীর উত্তরা পশ্চিম থানায় সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি অভিযোগ দায়ের করেন। মামলার অপর অভিযুক্তরা হলেন মারিয়া কিশপট্ট এবং ইমতু রাতিশ ইমতিয়াজ।

সোশ্যাল শেয়ার