রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ওষুধে খালেদা জিয়ার শরীর ইতিবাচক সাড়া দিচ্ছে।
ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। তবে চিকিৎসকদের মতে, এ অবস্থাকে স্থিতিশীল হিসেবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরও জানান, গত কয়েক দিনের মতোই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারছেন এবং তার শরীর ওষুধ গ্রহণ করছে। এতে করে তিনি ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছেন। দেশি ও বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তার চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার নিউমোনিয়া ধরা পড়ে। পাশাপাশি তিনি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ পুরোনো বিভিন্ন রোগে ভুগছেন।
বেশ কিছুদিন ধরে নানা শারীরিক জটিলতার কারণে এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বেগম খালেদা জিয়া। চিকিৎসকদের মতে, তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন এবং তিনি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় আছেন।