জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধন করা যাবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেল ৩টার পর এক প্রেস ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রবাসী ভোটারদের পাশাপাশি দেশের ভেতরে থাকা নির্দিষ্ট তিন ক্যাটাগরির ভোটারদের জন্য নির্ধারিত সময়সীমার মধ্যে অনেকে এখনো নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি।
আখতার আহমেদ জানান, সময় বাড়ানোর জন্য কমিশনের কাছে বারবার অনুরোধ আসছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে কমিশন নিবন্ধনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে তিনি স্পষ্ট করে বলেন, ৫ জানুয়ারির পর আর কোনোভাবেই সময় বাড়ানো হবে না।
উল্লেখ্য, এর আগে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের শেষ সময় প্রথমে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল। পরে সেটি বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা এখন আরও কয়েকদিন সময় পাবেন নিবন্ধন সম্পন্ন করার জন্য। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যেই নিবন্ধন শেষ করার আহ্বান জানিয়েছে।