বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর জিয়া উদ্যানে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে দেশের নানা প্রান্ত থেকে আসা বিএনপি নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে। মানুষের অশ্রু ও দোয়ায় সম্পন্ন হয় এই জানাজা।
বেগম খালেদা জিয়ার জানাজায় শ্রদ্ধা জানাতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশে উপস্থিত হন। পাশাপাশি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও এতে অংশ নেন।
রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত জানাজায় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধানরা।
খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের কেন্দ্রীয় নেতারা মরদেহ জানাজাস্থলে আনা, জানাজা এবং দাফন পর্যন্ত সার্বক্ষণিকভাবে সঙ্গে ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদা, মানুষের ভালোবাসা ও দোয়ায় জাতি শেষ বিদায় জানায় এই প্রখ্যাত রাজনৈতিক নেত্রীকে।