আর্কাইভস সুন্দরবনে ফাঁদে আটকা বাঘিনী উদ্ধার, খুলনায় চিকিৎসাধীন

সুন্দরবনে ফাঁদে আটকা বাঘিনী উদ্ধার, খুলনায় চিকিৎসাধীন

সোশ্যাল শেয়ার

সুন্দরবনে হরিণ শিকারের জন্য পাতা ছিটকা ফাঁদে আটকে পড়া একটি বাঘিনীকে উদ্ধার করে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেসকিউ সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, বাঘিনীটি এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয় এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, বাঘিনিটির পায়ে গুরুতর ক্ষত রয়েছে এবং শারীরিকভাবে সে বেশ দুর্বল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সার্বক্ষণিক নজরদারিতে রেখে চিকিৎসা চলছে।

রোববার দুপুরে বিশেষজ্ঞ দলের সহায়তায় ট্রানকুইলাইজার গান ব্যবহার করে বাঘিনীটিকে অচেতন করা হয়। পরে ফাঁদ কেটে লোহার খাঁচায় করে খুলনায় আনা হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত বা শনিবার সকালে ফাঁদে আটকে পড়ে সে মারাত্মকভাবে আহত হয়।

বন্যপ্রাণী বিভাগের বিভাগীয় বনকর্মকর্তা নির্মল কুমার পাল জানান, চিকিৎসার জন্য গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার জুলকার নাইম খুলনায় এসেছেন। বাঘিনিটির অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সুস্থ হলে তাকে সুন্দরবনেই অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

সোশ্যাল শেয়ার