আইন-আদালত  সালমান এফ রহমান ও আইনমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি

 সালমান এফ রহমান ও আইনমন্ত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে শুনানি

সোশ্যাল শেয়ার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র ও জনতা হত্যায় উসকানির অভিযোগে দায়ের করা মামলায় আসামিপক্ষের শুনানি মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে।

ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল শুনানি পরিচালনা করবেন। অন্য সদস্যরা হলেন– বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

সকাল ১০টার পর কড়া নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। এর আগে প্রসিকিউশন পক্ষ গত ২২ ডিসেম্বর তাদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উপস্থাপন করেন। শুনানিতে বাজানো ফোনালাপ নিয়ে আসামিপক্ষ দাবি করেন, এটি তাদের নয় এবং বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করার আবেদন করেন, যা ট্রাইব্যুনাল নথিভুক্ত রাখলেও প্রত্যাখ্যান করেন।

আজ আসামিপক্ষ তাদের আইনি ব্যাখ্যা এবং অব্যাহতির আবেদন উপস্থাপন করবেন। প্রসিকিউশন পক্ষের দাবি, ওই ফোনালাপের পর ঢাকা ও সারা দেশে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়।

সোশ্যাল শেয়ার