বক্স অফিসে সাফল্যের সব সমীকরণ ওলটপালট করে দিয়েছে রণবীর সিং অভিনীত নতুন অ্যাকশন থ্রিলার ‘ধুরন্ধর’। প্রযোজনা সংস্থা জিও স্টুডিওস নিশ্চিত করেছে যে, বিশ্বজুড়ে সিনেমাটি ইতিমধ্যেই ১ হাজার ২৪০ কোটি রুপি আয় করেছে। বর্তমানে প্রেক্ষাগৃহে ‘ইক্কিস’ বা ‘তু মেরি ম্যায় তেরা’-র মতো নতুন সিনেমাগুলো লড়াই করলেও ‘ধুরন্ধর’-এর জয়রথ থামছেই না।
সাধারণত ভারতের বড় বাজেটের সিনেমাগুলো একাধিক ভাষায় মুক্তি পেলেও এই ছবিটির বিশেষত্ব হলো—এটি কেবল হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে। আর একক ভাষায় মুক্তি পেয়ে আয়ের দিক থেকে এটি এখন ভারতের সর্বকালের সেরা সিনেমার মর্যাদা পেয়েছে। ২০২৬ সালের শুরুতেই এমন অভাবনীয় সাফল্য ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এক নতুন মাইলফলক।
সিনেমায় রণবীর সিং একজন নির্ভীক সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, যার লক্ষ্য চারজন ভয়ংকর সন্ত্রাসীকে রুখে দেওয়া। যদিও রণবীরের চরিত্রটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা চলছে, তবে সেন্সর বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে এটি একটি সম্পূর্ণ কাল্পনিক চরিত্র। একাধারে রোমাঞ্চকর গল্প আর রণবীরের দুর্দান্ত অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।