বাংলাদেশের বিকল্প রক ও কনসেপ্টচ্যুয়াল মিউজিকে নতুন অধ্যায় যোগ করল সোনার বাংলা সার্কাস। দেশের জনপ্রিয় এই ব্যান্ডটি তাদের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘মহাশ্মশান’ প্রকাশ করেছে।
গত বৃহস্পতিবার, ৮ জানুয়ারি সকালে স্পটিফাইয়ে এবং রাত ৮টায় ব্যান্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অ্যালবামটি মুক্তি পায়। ‘মহাশ্মশান’ একটি ডাবল কনসেপ্টচ্যুয়াল অ্যালবাম, যেখানে মোট ১৭টি গান রয়েছে। প্রথম সিডিতে ৯টি এবং দ্বিতীয় সিডিতে ৮টি গান সংযোজিত হয়েছে।
ব্যান্ডের ভোকালিস্ট প্রবর রিপনের ভাষ্য অনুযায়ী, প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’–এর শেষে যে চরিত্রের মৃত্যু হয়েছিল, এই অ্যালবামে ‘দ্রোহ’ নামে তার পুনরুত্থান ঘটেছে। ১ ঘণ্টা ৫২ মিনিটের এই অ্যালবামে ‘দ্রোহ’ চরিত্রটি মানুষের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে, এবং মানুষের প্রতি তার প্রতিশোধের গল্প ধাপে ধাপে ফুটে উঠেছে।
২০১৮ সালে যাত্রা শুরু করা সোনার বাংলা সার্কাস ২০২০ সালে প্রথম অ্যালবাম দিয়েই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ‘এপিটাফ’ ও ‘মৃত্যু উৎপাদন কারখানা’র মতো গান তাদের আলাদা পরিচিতি দেয়। ইতোমধ্যে দেশ-বিদেশে ২০০টিরও বেশি কনসার্ট এবং বিভাগীয় শহরে ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ সলো শো করে ব্যান্ডটি নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে।