আইন-আদালত ভয়হীন পুলিশ চান আইজিপি, সরকারের কাছে গ্রিন সিগন্যাল

ভয়হীন পুলিশ চান আইজিপি, সরকারের কাছে গ্রিন সিগন্যাল

সোশ্যাল শেয়ার

রংপুরে আয়োজিত এক কল্যাণ সভায় বড় স্বীকারোক্তি দিলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, বিগত ১৫ বছরে পুলিশ বাহিনী দলীয়করণ ও পেশাগত বিচ্যুতির শিকার হয়েছিল।জুলাই-অগাস্টের আন্দোলনে সংঘটিত প্রাণহানির পেছনে কিছু লোভী ও দলকানা সদস্যের দায় থাকলেও সেই দায়ভার গিয়ে পড়েছে পুরো বাহিনীর ওপর। তবে আইজিপি আশ্বস্ত করেন, গত এক বছর ধরে পুলিশকে স্বমহিমায় ফেরাতে কাজ চলছে।

আইজিপি জানান, ভয়হীন ও নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক চাপমুক্ত হয়ে কাজ করতে সরকারের কাছে ‘গ্রিন সিগন্যাল’ চেয়েছেন তিনি। আগামী নির্বাচন সামনে রেখে ১ লাখ ৩৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ২০ জানুয়ারির মধ্যে বাকি সদস্যদের প্রশিক্ষণ শেষ হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা নিশ্চিতে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসানো হবে সিসিটিভি এবং পুলিশ ব্যবহার করবে বডি ক্যামেরা।

বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ জানিয়ে আইজিপি বলেন, ২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত রংপুর বিভাগে মাত্র এক-তৃতীয়াংশ হত্যার বিচার হয়েছে। এই বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করছে বলেও মন্তব্য করেন তিনি। মাজার বা সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন আইজিপি।

সোশ্যাল শেয়ার