বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ রোববার সকালেও শীর্ষে রয়েছে ঢাকা। সকাল সাড়ে আটটার দিকে রাজধানীর বায়ুমান সূচক— AQI রেকর্ড করা হয়েছে ২৩৫, যা জনস্বাস্থ্যের জন্য ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, ডিসেম্বর থেকে চলতি জানুয়ারি পর্যন্ত ঢাকা ধারাবাহিকভাবে বিশ্বের দূষণের শীর্ষ শহর হিসেবে অবস্থান করছে।
তবে শুধু ঢাকাই নয়— দূষণের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে সারা দেশে। আজ ঢাকার চেয়েও খুলনার বায়ুমান ছিল বেশি খারাপ, যার স্কোর ২৮৩। রাজধানীর ভেতরে দক্ষিণ পল্লবী এলাকায় AQI ৩০৪ এবং মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে ৩০২— যা ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছেছে। দূষণের তালিকায় ২৩০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।
বিশেষজ্ঞরা বলছেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণে নানা উদ্যোগের কথা বলা হলেও বাস্তবে তার কার্যকর প্রতিফলন দেখা যাচ্ছে না। ক্রমেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। এমন পরিস্থিতিতে আইকিউএয়ার সাধারণ মানুষকে পরামর্শ দিয়েছে— বাইরে বের হলে মাস্ক ব্যবহার করতে, জানালা বন্ধ রাখতে এবং খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলতে।