News ১৮ কোটি বই বিতরণ, তবু শেষ হয়নি সংকট—কেন?

১৮ কোটি বই বিতরণ, তবু শেষ হয়নি সংকট—কেন?

সোশ্যাল শেয়ার

নতুন বছরের শুরু মানেই শিক্ষার্থীদের হাতে নতুন বই—এটাই বাংলাদেশের চিরচেনা দৃশ্য। কিন্তু ২০২৬ সালেও সেই দৃশ্য সম্পূর্ণ হলো না। বছরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গেলেও মাধ্যমিক ও ইবতেদায়ি মাদ্রাসার বিপুলসংখ্যক শিক্ষার্থী এখনো সব পাঠ্যবই পায়নি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড—এনসিটিবির টেন্ডার প্রক্রিয়ায় বিলম্বের কারণে মুদ্রণ কাজ পিছিয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

এনসিটিবির ১১ জানুয়ারির তথ্য অনুযায়ী, এখনো সরবরাহ বাকি প্রায় ২ কোটি ৯২ লাখ ১৮ হাজার ৬০৯টি বই—যা মোট বইয়ের ১৩ দশমিক ৬৩ শতাংশ। যদিও প্রাথমিক স্তরের বই বিতরণ প্রায় শেষ, তবে মাধ্যমিক পর্যায়ে এই ঘাটতি সরাসরি পড়াশোনায় বিঘ্ন ঘটাচ্ছে।

এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান পাঠান জানান, ১০ জানুয়ারি পর্যন্ত ১৮ কোটি ৫০ লাখের বেশি বই সরবরাহ করা হয়েছে এবং ১৫ জানুয়ারির মধ্যে শতভাগ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিকল্প হিসেবে ডিজিটাল বই অনলাইনে দেওয়া হলেও, ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী সেগুলো পাচ্ছে না। প্রতি বছর একই সমস্যার পুনরাবৃত্তিতে এনসিটিবির ব্যবস্থাপনা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে বাড়ছে উদ্বেগ ও প্রশ্ন।

সোশ্যাল শেয়ার