ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে বিদায় নিচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ খান। বিদায়ী বক্তব্যে তিনি দাবি করেছেন, তাঁর কোনো দলীয় রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। তিনি বলেন, দায়িত্ব পালনকালে তিনি কোনো ছাত্রসংগঠনকে সুবিধা দেননি, আবার অসুবিধাও করেননি। সব অভিযোগকে ‘অসত্য বয়ান’ বলে উল্লেখ করেন তিনি। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে তিনি আবার নিজের মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগে অধ্যাপনায় ফিরে যাচ্ছেন। তাঁর ভাষায়, এটি ছিল একটি ‘উদ্ধারকারী মিশন’, চাকরি নয়।
দায়িত্বকালে তিনি প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পসহ নানা অবকাঠামোগত কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নতির দাবি করেন।শিক্ষার্থীদের জন্য গণরুম প্রথা বিলুপ্তি, আর্থিক সহায়তা এবং অনলাইন সেবা চালুর মতো উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। বিদায়ী বার্তায় নতুন প্রশাসনের জন্য তিনটি বড় চ্যালেঞ্জের কথাও তুলে ধরেছেন নিয়াজ আহমেদ খান।