রাজধানীর জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত। আজ সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই জামাতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের শীর্ষ পর্যায়ের নেতারা অংশ নেন। দীর্ঘ সময় পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে দেশ ও বিশ্বের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। যুদ্ধবিধ্বস্ত বিশ্বে ফিতনা-ফ্যাসাদ বন্ধের জন্যও প্রার্থনা জানানো হয়।
সকাল থেকেই ধর্মপ্রাণ মুসল্লিদের ভিড় দেখা যায় জাতীয় ঈদগাহে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহার করে মুসল্লিদের প্রবেশ নিশ্চিত করা হয়। পুরো এলাকা সিসিটিভির আওতায় ছিল। প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য মূল প্যান্ডেলে ব্যবস্থা রাখা হলেও আশপাশের এলাকা মিলিয়ে প্রায় ১ লাখ মানুষ নামাজ আদায় করেন। এদিকে, মেঘলা আকাশ থাকলেও ঈদের প্রধান জামাত নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে।