ইরান ও ভেনিজুয়েলায় সামরিক পদক্ষেপের পর এবার কিউবাকে পরবর্তী লক্ষ্য হিসেবে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সৌদি আরবের এক ব্যবসায়িক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করা হবে এবং কিউবাই হতে পারে পরবর্তী টার্গেট। যদিও পরে তিনি মন্তব্যটি হালকাভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তবুও বিষয়টি আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ তৈরি করেছে। এরই মধ্যে কিউবা সরকার সম্ভাব্য আগ্রাসনের আশঙ্কায় নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করেছে।
দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় তাদের সামরিক বাহিনী এখন আরও সতর্ক অবস্থানে রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিউবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের সমালোচনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই মন্তব্য শুধুই কূটনৈতিক চাপ নয় বরং ভবিষ্যৎ পদক্ষেপের ইঙ্গিতও হতে পারে। এতে মধ্যপ্রাচ্যের পর ল্যাটিন আমেরিকাতেও নতুন অস্থিরতার শঙ্কা দেখা দিয়েছে।