ঈদের দিন রাজধানী ঢাকাসহ দেশের চার বিভাগে বৃষ্টির দেখা মিলেছে। সকাল থেকেই ঢাকার আকাশ ছিল মেঘলা, কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে পটুয়াখালীর খেপুপাড়ায়।
রাজধানী ঢাকাতেও সামান্য বৃষ্টি হয়েছে এবং বিকেলের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, উপমহাদেশজুড়ে তৈরি হওয়া প্রায় এক হাজার কিলোমিটার দীর্ঘ বৃষ্টিবলয়ের প্রভাব পড়ছে বাংলাদেশে। এই কারণে অন্তত রোববার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। তবে আশা করা হচ্ছে, সোমবারের মধ্যে দেশের আকাশ আবার পরিষ্কার হয়ে যাবে।