জনগণের ভালোবাসাকেই সবচেয়ে বড় শক্তি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়। স্পেশাল সুরক্ষা বাহিনীর চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে। তবে দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষ যেন দুর্ব্যবহারের শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। তিনি জানান, জনগণের দুর্ভোগ কমাতে নিজের গাড়িবহরের আকারও সীমিত করেছেন। সদস্যসংখ্যা বাড়ানোর বদলে দক্ষতা, কৌশল এবং আধুনিক প্রশিক্ষণের ওপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি।
একই সঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষায়িত এই বাহিনীকে সর্বাধুনিক প্রযুক্তি ও পেশাদার দক্ষতায় আরও এগিয়ে যেতে হবে। জনতার নিরাপত্তা, নাগরিক স্বাচ্ছন্দ্য এবং রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী।