খেলা রোনালদোকে নিয়ে বিতর্ক, সম্পদ নাকি এখন বোঝা

রোনালদোকে নিয়ে বিতর্ক, সম্পদ নাকি এখন বোঝা

সোশ্যাল শেয়ার

সে আগের মতো নেই—রোনালদোকে নিয়ে মন্তব্য

বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের হতাশাজনক শুরুর পর নতুন করে আলোচনায় ক্রিশ্চিয়ানো রোনালদো। এবার তাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডিআর কঙ্গোর মাঝমাঠের খেলোয়াড় এনগাল’ আয়েল মুকাউ।

কঙ্গোর এই ফুটবলার বলেন, রোনালদোকে আটকাতে তাদের আলাদা কোনো পরিকল্পনা ছিল না। কারণ, তাঁর বিশ্বাস—রোনালদো আর আগের মতো নেই। বয়সের ছাপ পড়েছে তাঁর খেলায়। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন, রোনালদো সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় এবং তাঁর প্রতি যথেষ্ট শ্রদ্ধাও রয়েছে। ডিআর কঙ্গোর বিপক্ষে পুরো সময় মাঠে থেকেও নিষ্প্রভ ছিলেন পর্তুগাল অধিনায়ক। পঁচিশবার বল স্পর্শ করলেও তিনটি প্রচেষ্টার একটিও লক্ষ্যে রাখতে পারেননি তিনি।

এদিকে গ্যালারিতেও দেখা গেছে ভিন্ন চিত্র। ম্যাচ শেষে রোনালদো যখন সমর্থকদের অভিবাদন জানাচ্ছিলেন, তখন দর্শকদের একাংশের কণ্ঠে শোনা যায় মেসির নামধ্বনি। তবে সমালোচনা কিংবা বিদ্রূপে বিচলিত নন রোনালদো। তিনি বলেছেন, যেভাবে শুরু করতে চেয়েছিলেন, সেভাবে হয়নি ঠিকই, কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের আসল লড়াই এখনো বাকি।

সোশ্যাল শেয়ার