ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রাথমিক চুক্তিকে ঘিরে স্পষ্ট হয়ে উঠছে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর মতপার্থক্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খুব শিগগিরই প্রকাশ করা হবে এর বিস্তারিত। এই চুক্তির আওতায় যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়ে পূর্ণাঙ্গ সমঝোতার পথে এগোতে চায় ওয়াশিংটন।
তবে এতে ক্ষুব্ধ ইসরায়েল। দেশটির শীর্ষ নেতৃত্বের আশঙ্কা, আলোচনার কারণে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে যাবে। নেতানিয়াহু স্বীকার করেছেন, ট্রাম্পের সঙ্গে সব বিষয়ে তার মতের মিল নেই। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না।
এদিকে ট্রাম্প নতুন করে আলোচনায় এনেছেন সিরিয়াকে। তিনি বলেছেন, হিজবুল্লাহকে সামলাতে ইসরায়েল ব্যর্থ হলে সিরিয়া সেই দায়িত্ব নিতে পারে। বিশ্লেষকদের মতে, একসময় ট্রাম্প-নেতানিয়াহুর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল ইসরায়েলের বড় কূটনৈতিক শক্তি। কিন্তু ইরান চুক্তিকে ঘিরে সেই সম্পর্কেই এখন দেখা দিয়েছে দৃশ্যমান দূরত্ব।