বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
একই সময় ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। এর আগে সকালে ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। পরে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে কর্মসূচিস্থলে পৌঁছান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে কোদাল দিয়ে খাল খননের কাজ শুরু করেন। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। স্থানীয়দের আশা, খাল খননের মাধ্যমে এলাকার পানি সংকট অনেকটাই কমবে এবং কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে।