মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। বুধবার সকালে রাজধানীর সচিবালয়ে নিজ দপ্তরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই ডাকটিকিট অবমুক্ত করা হয়। সকালে দপ্তরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমে জরুরি দাপ্তরিক কাজ সম্পন্ন করেন, এরপর আনুষ্ঠানিকভাবে ডাকটিকিট উন্মোচন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে জানা গেছে, বিকেলে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত বৃহস্পতিবার বৈঠক হলেও, স্বাধীনতা দিবসের সরকারি ছুটির কারণে তা একদিন এগিয়ে আনা হয়েছে। উল্লেখ্য, দীর্ঘ ১৮ বছর পর এবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।