প্রাথমিক শিক্ষকরা রোজা পালনকালে শ্রেণিকক্ষে পাঠদান ও শিক্ষার্থীদের অংশগ্রহণের বাস্তবতা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ছুটির তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন। চলতি বছরের তালিকায় শুক্র ও শনিবার ছুটির গণনায় অসংগতি ও রমজান মাসে পর্যাপ্ত ছুটি না থাকায় শিক্ষক সমাজে অসন্তোষ দেখা দিয়েছে।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত একটি বাৎসরিক ছুটির তালিকা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তালিকায় শুক্র ও শনিবারের ছুটি ‘শূন্য দিন’ হিসেবে গণনা হওয়া উচিত ছিল, কিন্তু ৮ ও ২৮ নম্বর ক্রমিক ছুটির মধ্যে অতিরিক্ত শুক্র-শনিবার যুক্ত হওয়ায় মোট ৬ দিনের অসামঞ্জস্য দেখা দিয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রমজান মাসে শিক্ষক ও শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে পাঠদান শারীরিকভাবে কষ্টসাধ্য। বিশেষত নারী শিক্ষকদের ইফতার প্রস্তুতির চাপও বড় চ্যালেঞ্জ। তাই ধর্মীয় অনুভূতির সঙ্গে সামঞ্জস্য রেখে ছুটির তালিকা সংশোধন করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।