২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আগামী মার্চে যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে তারকাবহুল প্রীতি ম্যাচের সিরিজ। ‘রোড টু ২৬’ শিরোনামের এই আসরে অংশ নিচ্ছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি—ব্রাজিল, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। সংশ্লিষ্ট ফুটবল অ্যাসোসিয়েশনগুলোর ঘোষণা অনুযায়ী, ২৬ মার্চ ফক্সবরোতে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
পরদিন ২৭ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়া ও কলম্বিয়ার ম্যাচ শুরু হবে ভোর ৫টা ৩০ মিনিটে। ২৯ মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডে ফ্রান্স ও কলম্বিয়া মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সিরিজের শেষ ম্যাচ ১ এপ্রিল অরল্যান্ডোতে, যেখানে ভোর ৬টায় ব্রাজিলের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
এই সিরিজেই কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল তাদের ২০২৬ বিশ্বকাপের নতুন জার্সি উন্মোচন করবে। ফ্রান্সের বিপক্ষে হলুদ এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে নীল জার্সিতে মাঠে নামবে সেলেসাওরা। একইভাবে ফ্রান্স ও ক্রোয়েশিয়াও নতুন কিট পরে খেলবে। ৪৮ দলের ২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে শুরু হবে। গ্রুপ ‘সি’-তে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড।