সংসদে বহুল আলোচিত ‘আমার পরিকল্পনা’ কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য হলো আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু, প্রযুক্তিনির্ভর ও কৃষক-কেন্দ্রিক আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
প্রধানমন্ত্রী জানান, কৃষকদের জন্য কৃষক পরিচয়পত্র বিতরণ শুরু হয়েছে। কৃষি ঋণ মওকুফ, স্বল্পমূল্যে সার ও সেচ সুবিধা, উচ্চফলনশীল বীজ সরবরাহ এবং দেশজুড়ে কৃষকবাজার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক বছরে চল্লিশ লাখ কৃষককে কৃষক পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।
অন্যদিকে, শ্রীমঙ্গলে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেন, জনগণের টাকা বিদেশে পাচার হতে দেওয়া হবে না। যারা অর্থ পাচারের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, আগামী এক বছরের মধ্যে চা-বাগানের সব নারী শ্রমিকের হাতে পরিবার পরিচয়পত্র পৌঁছে দেওয়া হবে এবং পাঁচ বছরে উপজেলা পর্যায়ের পঞ্চাশ শয্যার হাসপাতাল একশ শয্যায় উন্নীত করা হবে।