আল আকসা মসজিদ প্রাঙ্গণকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ডানপন্থী ইসরাইলি রাজনীতিক মোশে ফেইগলিন আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা ও ধর্মীয় সংগীত পরিবেশনের পর একই স্থানে নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের ইচ্ছার কথা প্রকাশ করেছেন। তার এই বক্তব্যে নতুন করে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক শুরু হয়েছে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরে আরও উদ্বেগজনক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রামাল্লার উত্তরে জিলজিলিয়া ও মাজরা আল-নুবানি গ্রামের দুটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। আগুনে মসজিদের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেয়ালে লেখা হয়েছে হিব্রু ভাষার স্লোগানও। আল আকসার ঐতিহাসিক স্থিতাবস্থা পরিবর্তনের আশঙ্কা, মসজিদে অগ্নিসংযোগ এবং বাড়তে থাকা উত্তেজনায় নতুন করে উদ্বিগ্ন মুসলিম বিশ্ব ও আঞ্চলিক শক্তিগুলো।