এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলন ঘিরে নতুন মোড়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কিছু ব্যক্তি পরিচয় গোপন করে পরিস্থিতিকে কাজে লাগানোর চেষ্টা করছে। তার মতে, ‘ঘোলা পানিতে কেউ কেউ মাছ শিকার করতে চায়।’
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে অবস্থান স্পষ্ট করেছে। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং যেসব পরীক্ষায় সমস্যা হয়েছে, সেগুলো পুনরায় নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। তাই প্রকৃত পরীক্ষার্থীরা সন্তুষ্ট বলেই সরকারের ধারণা।
এদিকে আন্দোলনের সময় ‘বারো কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি’ বক্তব্য দিয়ে আলোচনায় আসা রুবাইয়া মেহজাবিন সুহিকে ঘিরেও নতুন তথ্য দিয়েছে মাইলস্টোন কলেজ। প্রতিষ্ঠানটির দাবি, তিনি বর্তমানে তাদের ছাত্রী নন। শৃঙ্খলাজনিত কারণে আগেই তাকে ছাড়পত্র দেওয়া হয়েছিল।
কলেজ আরও অভিযোগ করেছে, প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে বক্তব্য দেওয়ায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সুনাম ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনায় তুরাগ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।