চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ি সীমান্তে নতুন রহস্যের জন্ম হয়েছে। নো ম্যান্স ল্যান্ডে আটকে থাকা ২৮ জন নারী, পুরুষ ও শিশুকে শনিবার ভোর থেকে আর দেখা যাচ্ছে না। তবে তাদের ব্যবহৃত পোশাক, ব্যাগ এবং কিছু জিনিসপত্র এখনো ঘটনাস্থলে পড়ে রয়েছে। বিজিবির তথ্য অনুযায়ী, গত বুধবার গভীর রাতে সীমান্ত দিয়ে ২৮ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করা হয়। তবে বিজিবির বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি এবং নো ম্যান্স ল্যান্ডে অবস্থান নেয়।
স্থানীয়দের দাবি, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় কয়েকটি ভারতীয় যানবাহন অবস্থান নেয়। পরে কিছু সময়ের জন্য সীমান্তের আলো নিভিয়ে দেওয়া হয়। এর পর থেকেই ওই ২৮ জনকে আর দেখা যায়নি। বিজিবির ধারণা, রাতের কোনো এক সময় তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এদিকে শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, নওগাঁ, পঞ্চগড় ও লালমনিরহাটের বিভিন্ন সীমান্ত দিয়েও আরও কয়েক দফা মানুষকে ঠেলে পাঠানোর চেষ্টা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বেশ কয়েকটি স্থানে নারী ও শিশুসহ বহু মানুষ এখনো শূন্যরেখায় অবস্থান করছে। নো ম্যান্স ল্যান্ড থেকে ২৮ জনের রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যাওয়ার ঘটনায় নতুন প্রশ্ন তৈরি হয়েছে। তারা কোথায় গেলেন, কীভাবে গেলেন এবং তাদের বর্তমান অবস্থান কী—সেসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি।