আন্তর্জাতিক শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, পাঁচ দাবি রাহুলের

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, পাঁচ দাবি রাহুলের

সোশ্যাল শেয়ার

প্রশ্নফাঁস ইস্যুতে তোলপাড়, রাহুলের পাঁচ দফা দাবি

শিক্ষার্থী বিক্ষোভে উত্তপ্ত ভারত। নিট প্রশ্নফাঁস এবং আন্দোলনে পুলিশি অভিযানের জেরে দেশটির রাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভে নেতৃত্ব দিতে গিয়ে আটক হন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা। পরে তাদের মুক্তি দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত বার্তায় রাহুল গান্ধী কেন্দ্র সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলার বিচার, আন্দোলন দমনের জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ্যে ক্ষমা, সংসদে পূর্ণাঙ্গ আলোচনা এবং শিক্ষা ও পরীক্ষাব্যবস্থার দ্রুত সংস্কারের দাবি তোলেন। রাহুল অভিযোগ করেন, প্রশ্নফাঁসের কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে এবং শিক্ষা ব্যবস্থা গভীর সংকটে রয়েছে।

অন্যদিকে কেন্দ্র সরকার বলছে, বিষয়টি নিয়ে সংসদে আলোচনা করতে তারা প্রস্তুত। তবে কংগ্রেস রাজনৈতিক নাটক করছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। প্রশ্নফাঁসকে ঘিরে শিক্ষার্থী আন্দোলন এবং সরকার-বিরোধী দলের এই সংঘাত এখন ভারতের রাজনীতির অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।

সোশ্যাল শেয়ার