দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সিলেট ও সুনামগঞ্জে নদীর পানি সামান্য কমলেও শঙ্কা কাটেনি। অন্যদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানে দুর্ভোগ অব্যাহত রয়েছে। চারটি নদীর ছয়টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানি এখনো বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে। সিলেটে উজানের বৃষ্টি ও পাহাড়ি ঢল নামলে পরিস্থিতি আবারও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড।
হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভেঙে অন্তত ৩০ টি গ্রাম প্লাবিত হয়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি বিপৎসীমার অনেক ওপরে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। সেখানে বানের পানিতে আটকা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এদিকে কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরী ও পেকুয়ায় প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি। বিশুদ্ধ পানি, খাবার ও ওষুধের সংকট তীব্র আকার ধারণ করেছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েক দিনও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রশাসনের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।