ঈদের দিনে প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণ যে দেশ দেখতে চায়, সেই দেশ গড়তে সরকার কাজ করবে এবং দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, একাত্তর এবং চব্বিশে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা থাকলে নির্বাচিত সরকার দেশের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে। দেশবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনাও করেন তিনি।
এদিকে ঈদের দিনই প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ডক্টর মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সাক্ষাতে দুই পক্ষ জাতীয় ঐক্য, রাজনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। উভয় পক্ষ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় জানান।