মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। ভোর ৫টা ৫৬ মিনিটে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান। এরপর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে বেজে ওঠে করুণ সুর।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন। পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এবং উপস্থিত বিদেশি কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে প্রধান বিচারপতি, তিন বাহিনীর প্রধান, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। মহান স্বাধীনতা দিবসে জাতি স্মরণ করল স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের।