বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তির ইঙ্গিত। বৃহস্পতিবার বা শুক্রবার খুলে দেওয়া হতে পারে হরমুজ প্রণালি। যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে যুদ্ধবিরতির একটি কাঠামো চূড়ান্ত হলে এই সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
সংঘাতের সময় হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বজুড়ে তেল ও গ্যাসের বাজারে বড় অস্থিরতা তৈরি হয়। সরবরাহ কমে যাওয়ার আশঙ্কায় বাড়ে দামের চাপ, উদ্বেগ ছড়িয়ে পড়ে বিভিন্ন দেশে। এবার যুদ্ধবিরতি সমঝোতার অংশ হিসেবে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচলের অনুমতি দিতে সম্মত হয়েছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করেই নৌপথ পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে। হরমুজ প্রণালি খুলে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা তৈরি হবে, যা তেলের বাজারে স্বস্তি আনতে পারে। এখন সবার নজর— বৃহস্পতিবার না শুক্রবার, ঠিক কবে খুলছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ।