মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের পবিত্র হজ পালন না করতে পরামর্শ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস। সৌদি আরবে অবস্থানরত এবং সেখানে ভ্রমণে ইচ্ছুক নাগরিকদেরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আঞ্চলিক অস্থিরতা ও সংঘাতের কারণে বড় জমায়েতে নিরাপত্তা ঝুঁকি বেড়ে গেছে। ফলে হজে অংশগ্রহণ না করে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।সতর্কবার্তায় আরও বলা হয়, ১৮ এপ্রিল থেকে মক্কায় প্রবেশে কঠোর নিয়ম কার্যকর হবে। বৈধ হজ অনুমতি, আবাসিক পরিচয় বা কর্ম অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না। অন্য ভিসাধারীদের ওই সময়ের আগেই মক্কা ত্যাগ করতে হবে।
হজ পালনের ক্ষেত্রে সৌদি সরকারের নির্ধারিত নুসুক ব্যবস্থার মাধ্যমে অনুমতি নেওয়ার কথা বলা হয়েছে। অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা, আটক কিংবা বহিষ্কারের মুখে পড়তে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়া ওমরাহ ভিসায় প্রবেশকারীদের ১৮ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগের নির্দেশনা রয়েছে। এসব বিধিনিষেধ জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।