রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় বড় সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভুক্তভোগী প্রতিটি পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
রোববার এ তথ্য জানান হাসপাতালের আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ভুক্তভোগী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের আলোচনার ভিত্তিতেই এই ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হয়েছে। তিনি আরও জানান, আগে ঘোষণা করা আজীবন বিনামূল্যে চিকিৎসা, শিক্ষাসহায়তা এবং চাকরির সুযোগের প্রতিশ্রুতিও বহাল থাকবে।
এদিকে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোকজের জবাব দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ৪৮ ঘণ্টা সময় চেয়েছে। গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী ওয়ার্ডে কয়েক ঘণ্টার ব্যবধানে ৬ নবজাতকের মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার বিষয়টি উঠে আসার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।