এবার লেবাননের ১০টি গ্রামের বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি বাহিনী। সোমবার জারি করা সতর্কবার্তায় বলা হয়, ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এসব এলাকায় অভিযান চালানো হবে।
আইডিএফের আরবি ভাষার মুখপাত্র কর্নেল এভিচায় আদরাই সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাতে বাধ্য হচ্ছে ইসরাইল। তিনি বাসিন্দাদের বাড়িঘর খালি করে অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে যাওয়ার আহ্বান জানান।
পরে রাশিদিয়েহ ও টায়ার শহরের কাছে কয়েকটি ভবনের বাসিন্দাদেরও আলাদা সতর্কতা দেয়া হয়। সেখানে কমপক্ষে ৩০০ মিটার দূরে সরে যেতে বলা হয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহ-ইসরাইল উত্তেজনা বাড়ার মধ্যেই নতুন এই সতর্কতা জারি করা হলো।