মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত বাংলাদেশিদের জন্য উন্মুক্ত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, আরও বেশি বাংলাদেশি কর্মী নিয়োগ, শ্রমবাজার দ্রুত চালু, অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ এবং আটক বাংলাদেশিদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী জানান, দুই দেশ একমত হয়েছে—শ্রমিক নিয়োগপ্রক্রিয়া হতে হবে স্বচ্ছ, ন্যায্য ও কম খরচের; যাতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমে এবং শ্রমিকদের ভোগান্তি হ্রাস পায়। এদিকে বৈঠকের পর সংস্কৃতি, নিরাপত্তা ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক এবং দুটি গুরুত্বপূর্ণ দলিল বিনিময় হয়েছে। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে এনে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। মালয়েশিয়া সফর শেষে ইতোমধ্যে চীনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী।